‘সৃজনশীলতা, বিনোদন ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন উপায় গেমিং’
‘গেমিং সৃজনশীলতা, বিনোদন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নতুন উপায় তৈরি করেছে। তাই, গেমিং নিছক একটি বিনোদন নয় বরং একটি শক্তি, যা সীমানা এবং সংস্কৃতিকে অতিক্রম করে মানুষকে যুক্ত করে। দেশে অনেক প্রতিভা এবং সৃজনশীলতা রয়েছে। তরুণদের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর গেম তৈরি করার ক্ষমতা, যা বিশ্বব্যাপী দর্শকদের নাড়া দিতে পারে। ফলে বৈশ্বিক গেমিং বাজারে নেতৃত্ব দেয়ার বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।’
এমন অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন (বেসিস) এর গেমস, এক্সআর এন্ড এনএফটি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) গত সোমবার অনুষ্ঠিত ‘রাইজিং গেমিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এরশাদুল হক বাংলাদেশের গেমিং শিল্পের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। এসময় তিনি বিভিন্ন উদ্ভাবনকে উৎসাহ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষমতার ওপর জোর দেন। তিনি তার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেন। একইসঙ্গে সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে গেম ডেভেলপার এবং এই শিল্পের উদ্যোক্তা হতে দিকনির্দেশনা দেন।
সেমিনারে অন্যান্য অতিথি বক্তারাও গেমিং শিল্পের উল্লেখযোগ্য বিষয়গুলোতে বক্তব্য রাখেন। তারা গেমস বা গেমিং প্ল্যাটফর্মের পণ্য ব্যবস্থাপনা, গেমিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের অবস্থান, গেমিং ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, বাজারের আকার এবং রাজস্ব, গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রি,ইন্ডাস্ট্রি স্কোপস ছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এআইইউবি’র সহযোগী অধ্যাপক ও অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ওএসএ) এর বিশেষ সহকারী অভিজিৎ ভৌমিক, রাইজআপ ল্যাবসের হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট মোঃ রফিকুজ্জামান, প্রোডাক্ট ম্যানেজার জামিল মাহমুদ, সিনিয়র এসকিউএ ইঞ্জিনিয়ার ওয়াসিফ জামান, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার (নোড.জেএস) এসএম রায়হান গফুর সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।







